মাদারীপুরে বিদ্যুৎ অফিসের পুকুরে ১২টি গুইসাপ মরে ভেসে উঠেছে। গুইসাপগুলো কীভাবে মারা গেল তার সঠিক খোঁজ পাওয়া না গেলেও অভিযোগের তীর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। পুকুরটিতে মাছ চাষ করার জন্য বিষ দিয়ে গুইসাপ হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর সন্দেহ।
স্থানীয়রা জানান, ‘অনেক বছর ধরে বিদ্যুৎ অফিসের পুকুরে বড় বড় সাইজের ১০ থেকে ১৫টি গুইসাপ বসবাস করে আসছে। ময়লা আবর্জনা ও বিষাক্ত পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো তারা। কিন্তু সম্প্রতি পুকুরটিতে ওজোপাডিকোর কর্মকর্তা-কর্মচারীরা মাছ চাষ শুরু করে। গুইসাপগুলো কিছু মাছ খেয়ে ফেলে বলে কয়েকবারই মেরে ফেলার চেষ্টা করা হয়। গত কয়েকদিন আগে গুইসাপগুলোকে দেখতে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ১০ থেকে ১২টি গুইসাপ মরে ভেসে ওঠে। বিষয়টি দেখে জেলা প্রশাসকের কাছে জড়িতদের বিচারের দাবি করেন এলাকাবাসী।’
এই বিষয়ে পৌর শহরের বাগেরপাড় এলাকার বাসিন্দা রাজিব হোসেন বলেন, ‘গুইসাপগুলো দীর্ঘদিন ধরে পুকুরে বাস করে আসছে। কিন্তু কিছু দিন আগে পুকুরে মাছ চাষ করেছে বিদ্যুৎ অফিসের লোকজন। তাই মাছ যাতে খেতে না পারে সেজন্য পুকুরের পাড়ে বিষ দিয়ে রেখেছিল। ফলে সেই বিষ খেয়ে গুইসাপগুলো মারা গেছে। এমন নির্মম হত্যা কোনো ভাবে মেনে নেওয়া যায় না। গুইসাপগুলো কখনোই মানুষের ক্ষতি করেনি। কী কারণে এতগুলো প্রাণী হত্যা করা হলো? এলাকার লোকজন প্রতিবাদ করায় বিদ্যুৎ অফিসের লোকজন বাজে আচরণও করেছে। তদন্ত করে দোষীদের বিচার দাবি করি।’
বৃহস্পতিবার দুপুরে গুইসাপগুলো হত্যার প্রতিবাদে ওজোপাডিকোর অফিসে জড়ো হয়ে প্রতিবাদ করে এলাকাবাসী। পরে অফিস কর্তৃপক্ষ পৌরসভার মাধ্যমে গুইসাপগুলোকে উঠিয়ে মাটি চাপা দেয়।
মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী বলেন, ‘আমার ধারণা বিদ্যুতায়িত হয়ে মারা গেছে গুইসাপগুলো। কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে কি না বিষয়টি আমার জানা নেই।’
ওজোপাডিকোর নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টিকে বড় ধরনের দুর্ঘটনা বলে দাবি করেন। তিনি বলেন, ‘বিদ্যুতের খুঁটি পুকুরে পড়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুইসাপগুলো মারা গেছে। এখানে কেউ বিষ দিয়ে মারেনি। আমাদের কোনো দায়ভার নেই।’
দেশে দিন দিন সরীসৃপ জাতীয় প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। গুইসাপগুলোও কমে যাচ্ছে। এ জন্য মানুষের নির্বিচারে প্রাণী হত্যাকেই দায়ী মনে করছেন পরিবেশবিদরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছে সচেতন মহল।
মাদারীপুর বন্যপ্রাণী সংরক্ষণ পরিষদের সমন্বয়কারী অজয় কুন্ডু বলেন, ‘এই নিরীহ গুইসাপগুলো কেন মরলো তার জন্য ময়নাতদন্ত করা হোক। যদি হত্যা করা হয় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’