রাজধানীতে নিজ কক্ষে ঝুলছিল জবি শিক্ষার্থীর মরদেহ

রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় একটি বাসা থেকে ফারহান আহসান চৌধুরী নামে (২১) এক শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিক্ষার্থী ফারহানের মামা ফাহিম ফয়সাল বলেন, ‘আমার ভাগ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে বাসায় এসে নিজরুমে দরজা বন্ধ করে রাখে। অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় ভেতরে ঢুকে দেখি সে প্যান্টের বেল্ট গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার ভাগ্নে আর বেঁচে নেই।’

ফাহিম ফয়সাল আরও বলেন, ‘কী কারণে আমার ভাগ্নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বিষয়টি এই মুহূর্তেই বলতে পারছি না। সে খিলগাঁও ৬ নম্বর উত্তর গোড়ান সাততলা বাসার ছয় তলায় থাকত। তার বাবার নাম মো. আহসান রাকিব চৌধুরী।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘খিলগাঁও এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে জরুরি বিভাগের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। নিহতের পরিবারের দাবি ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।’