ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলের ও অঙ্গ সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা তিন থেকে চারশ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল এ মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।
এর আগে গত ১০ অক্টোবর কোতয়ালী থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ফরিদপুরের কোতয়ালী থানার মামুদপুর এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬)।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ প্রমুখ।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বলেন, ‘এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নামোল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। এ মামলায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
মামলার এজাহারে বাদী মো. মুজাহিদুল ইসলাম উল্লেখ করেছেন, ছাত্র- জনতার গণআন্দোলনের সময় আমার স্কুলপড়ুয়া মেয়ে ওই আন্দোলনের একটি মিছিলের অংশ নেয়। মিছিল চলাকালীন ছাত্রলীগ-যুবলীগের হামলায় অন্যান্য শিক্ষার্থীদের মতো আমার মেয়েও আহত হয়, গুরুতর অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে কলেজে ভর্তি করা হয়।
বাদী মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা মূল উস্কানিদাতা হিসেবে ছিলেন বলে অভিযোগ করেন।