বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব

দুজনকে কুপিয়ে জখম, মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতাসহ আটক ৫

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় বালু ব্যবসার দ্বন্দ্বে দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া সদরের ভাড়ারিয়া বাজারের ও হরিরামপুর উপজেলার বলড়া বাজারের  কয়েকটি দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত এসব হামলা হয়। 

এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন সাবেক ছাত্রদল নেতা। আটকরা হলেন, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন আনু, নজরুল ইসলাম, রনি মিয়া, তুহিন ও রায়হান।

স্থানীয়রা জানান, ভাড়ারিয়া এলাকার সোহাগের আনলোড ড্রেজারের একটি যন্ত্র (হ্যান্ডেল) নিয়ে আসে হরিরামপুরের বলড়ার বাসিন্দা ও বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু ও ভাড়ারিয়ার রনি ও সুমন। এ নিয়ে বিকেলে ভাড়ারিয়ার মালাকার মোড়ে সোহাগের সাথে আনোয়ার, রনি, বুলবুল, সুমনসহ কয়েকজনের সাথে বাকবিতন্ডা হয়। পরে সোহাগের লোকজন আনোয়ার ও রনিসহ কয়েকজনকে মারধর করে। মারধরের জেরে আনোয়ার বলড়া এসে তাঁর এলাকার লোকজনকে নিয়ে ভাড়ারিয়া বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ও কয়েকজনকে কুপিয়ে জখম করে।

হামলায় ভাড়ারিয়া এলাকার সোনা মিয়ার ছেলে ইব্রাহিম আহমেদ (২৫) ও মৃত ইসমাইল মোল্লার ছেলে জয়নাল আবেদিনকে (৩০) দেশীয় অস্ত্র দিয়ে কোপালে গুরুতর আহত হয়। এ ছাড়া হামলায় সালমান, সায়মন ও ইউসুফ আলী আহত হয়েছেন। তাদের মধ্যে ইব্রাহিম মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে এবং জয়নাল আবেদীন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। 

এসময় ভাড়ারিয়া বাজারের ইদ্রিস আলীর ভাই ভাই স্পোর্টস কর্নার, ইউসুফ আলীর সুফিয়ান ফার্মেসি ও ইউসুফ আলী (বড়) আয়েশা আবেদ কসমেটিকসের দোকান ভাঙচুর করা হয়েছে। পরে ভাড়ারিয়া এলাকার লোকজনও বলড়া বাজারের সালামের ওষুধের দোকানসহ কয়েকটি দোকানের সার্টার ভাঙচুর  করে।

এ ঘটনায় স্থানীয় সোহাগ মিয়া বলেন, বলড়ার আনোয়ার হোসেন আনু, ভাড়ারিয়ার রনি, সুমনসহ কয়েকজন গতকাল বুধবার তিনটার দিকে বালিরটেক সেতু সংলগ্ন কালিগঙ্গা নদীর পারের আনলোড ড্রেজারে গিয়ে চাঁদা দাবি করে এবং আনলোড ড্রেজারের হ্যান্ডেল (হাতল) নিয়ে যায়। পরে ড্রেজারের লোকজনসহ আমি হ্যান্ডেল নিতে ভাড়ারিয়ার মালাকার মোড়ে যাই। তারা হ্যান্ডেল না দিলে আমার লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। পরে বিকেলে বাকবিতন্ডার জেরে আনুসহ সুমন ও রনিরা ভাড়ারিয়া বাজারের নিরীহ দোকানদের দোকানে হামলা ও ভাঙচুর করে। ইব্রাহিম ও জয়নালকে কুপিয়ে জখম করে তারা। একজনের মাথায় ১৭টির মতো সেলাই হয়েছে। আরেকজনের হাত বিচ্ছিন্ন হওয়ার মতো অবস্থা।’ 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় পাঁচজনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

এদিকে এ ঘটনার পর সেনাবাহিনীর একটি টিম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।