মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই

মানিকগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। একই দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপরে সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলো– সিঙ্গাইরের ইরতা গ্রামের নূর হোসেনের ছেলে বাঁধন হোসেন (১৯) ও জেলা সদরের গড়পাড়া গ্রামের পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। আহত লাদেন হোসেনের (১৮) বাড়ি সিঙ্গাইরের ইরতা গ্রামে।

সিঙ্গাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপরের দিকে ইরতা গ্রাম থেকে একটি মোটরসাইকেলে ওই তিন তরুণ সিঙ্গাইর উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় সিঙ্গাইর-ইরতা সড়কের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বাঁধন নিহত হন। এ ঘটনায় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহী রাতুল ও লাদেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। আহত লাদেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘নিহত দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হবে।’