মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিখোঁজের পরদিন নূরজাহান বেগম (৩৫) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবালয় সদর ইউনিয়নের বোয়ালীপাড়া এলাকার একটি ঘাসক্ষেতে তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত গৃহবধু নূরজাহার বেগম উপজেলার বোয়ালীপাড়া এলাকার এখলাছ শেখের স্ত্রী। তিনি তিন সন্তানের মা ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে গৃহবধু নূরজাহান বেগম নিখোঁজ হন। এরপর প্রতিবেশী ও আত্মীয়–স্বজনদের বাড়িতে তাঁর খোঁজ করা হয়। কিন্তু রাতে অনেক খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এরপর বাড়ির অদূরে ঘাসক্ষেতে নূরজাহান বেগমের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ও স্থানীয়রা পুলিশে খবর দেয়। থানা পুলিশ বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শিবালয় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।’