নরসিংদীতে আওয়ামী লীগ নেতা নজরুল গ্রেপ্তার

নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাশ্ববর্তী শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো. নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মঙ্গলবার সকালে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর মডেল থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব থানা পুলিশের সহযোগিতায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করে শিবপুর থানা পুলিশ।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।