রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

রাজধানীর ডেমরায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় ইমরান শিকদার (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। ইমরান কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের কমার্স কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। বর্তমানের ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকতেন ইমরান।

আজ শুক্রবার দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুপুর আড়াইটা নাগাদ ইমরানকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। 

নিহতের বড় ভাই নাহিদ শিকদার বলেন, ‘আমার ছোট ভাই ইমরান আজ দুপুরের দিকে কুমিল্লায় বাবা-মায়ের সাথে দেখা করার জন্য রিকশায় করে সায়দাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রিকশাকে চাপা দিয়ে চলে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। আমি কি করে আমার ভাইয়ের মরদেহ মা-বাবার কাছে নিয়ে যাব, আমি তাদেরকে কী বলব, আমি কিছুই বুঝেতে পারছি না ভাই। আমার ভাইয়ের আশা ছিল এবার ফাইনাল পরীক্ষা দিয়ে সে ভালো একটি চাকরি করবে। তার এই আশা অপূর্ণই রয়ে গেল।’