ঘিওরে ছাত্রদল নেতা হত্যাকারীদের ফাঁসির দাবিতে সমাবেশ

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহম্মেদ (৪৭) হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার কুস্তা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

মিছিলটি ঘিওর বাজারের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক সাইফ সানোয়ার, তেরশ্রী ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফিরোজ আলম বাবু, মোশারফ হোসেন, হাবিব ইব্রাহিম সাগর ও নিহতের ভাই টিপু সুলতান প্রমুখ।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ঘিওর উপজেলা হাসপাতালের সামনে প্রকাশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লাভলু আহমেদকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে ২০ জনকে আসামি করে ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।’