জাবিতে ৩ দাবিতে আইন অনুষদের শিক্ষার্থীদের অনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের নিজস্ব ভবনের দাবিসহ ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টারও অধিক সময় ধরে আমরণ অনশন করছে ৩ শিক্ষার্থী। দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচিতে অটল থাকার সিদ্ধান্ত জানিয়েছে অনশনে বসা শিক্ষার্থীরা।

গতকাল রোববার দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনে তারা এই আমরণ অনশনে বসেন।

আমরন অনশনে বসা শিক্ষার্থীরা জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের প্রায় ১৪ বছর হলেও মাত্র ১টি ক্লাসরুম দিয়ে চলছে শ্রেণি কার্যক্রম। গত ১১ আগস্ট থেকে ভবনের দাবিতে আন্দোলন ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত তারা পায়নি। সেজন্যই আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা আরও জানায়, ভবনের বিষয় সুস্পষ্ট লিখিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে। 

পাশাপাশি ৪৯ থেকে ৫১তম ব্যাচের ফলাফল পুনর্মূল্যালয়েরও দাবি জানায় তারা। একইসঙ্গে এফ ইউনিটের পৃথকীকরণেরও দাবি জানায় শিক্ষার্থীরা।

এদিকে, একই দাবিতে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচী পালন করছে অন্য শিক্ষার্থীরা।