মানিকগঞ্জে ক্যানসার আক্রান্ত গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ

মানিকগঞ্জের ঘিওরে এক নারীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের এ ঘটনায় নিহত লায়লা আরজু (৬২) দুই সন্তানের জননী। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। 

নিহতের স্বামী সেকেন্দার আলী জানান, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচা বাজার করতে বের হন। সকাল পৌনে ৮টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ খাটের মেঝেতে পড়ে থাকতে দেখেন।

তাঁর ধারণা, কে বা কারা বাসায় প্রবেশ করে তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে।

খবর পেয়ে ঘিওর থানার পুলিশসহ ডিবি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে এক বা একাধিক দুর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।