ঢামেকের বহির্বিভাগের পাশেই পড়েছিল বৃদ্ধের মরদেহ

ঢাকা মেডিকেলের বহির্বিভাগের গেটের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর আনুমানিক বয়স ৬০ বছর।

আজ শনিবার সকাল ১০টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান জানান, আজ সকালের দিকে বহির্বিভাগের (শহীদ মিনারের পাশে) গেটের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধ। পরে দ্রুত তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগের চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বৃদ্ধের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।