কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাতিজা অ্যাডভোকেট শরীফ কামালের মালিকানাধীন ‘হাওর রিসোর্ট’ ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এছাড়া মিঠামইন বাজার থেকে ছাত্র-জনতা লাঠিসোঁটা নিয়ে উপজেলার কালীপুর গ্রামে শরীফ কামালের বাড়ি এবং সাবেক রাষ্ট্রপতির ছোট ভাইয়ের কামালপুর বাড়ির ধানের গোলায় আগুন ধরিয়ে দেয়।
আজ শুক্রবার বিকেলে মিঠামইন সদর ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শরীফ কামাল মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে মিঠামইন উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের পর আগুন দেয় ছাত্র-জনতা। এ সময় আশপাশের বেশ কয়েকটি দোকান আগুনে পুড়ে যায়।