নারায়ণগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুতে আজ শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক আনিসুর রহমান, যাত্রী কাকুলী আক্তার ও তাঁর শিশুপুত্র আরিয়ান রাফি। নিহত কাকুলি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পশ্চিম সীচা গ্রামের আশরাফুলের স্ত্রী ও নিহত অটোরিকশার চালক আনিসুর রহমান রংপুর জেলার পীরগাছা থানার সুকান পুকুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম রোড থেকে অটোরিকশা করে সেতুর ওপর দিয়ে উল্টো পথে কাচঁপুর আসার পথে হিমাচল নামে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, উল্টো পথে অটোরিকশা যাওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা ও বাসটি জব্দ করা হয়েছে।