মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয়েও ভাঙচুর করা হয়। এ ছাড়া পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করেছে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী।
রোমান শেখ (১৬) নামের এক নিখোঁজ যুবকের সন্ধানের দাবিতে মানববন্ধনের পর আজ বুধবার সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ যুবক রোমানের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করে নিখোঁজের স্বজন ও এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে থানায় হামলা করে থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করে। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ৪টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা।
জানা যায়, স্থানীয় মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত। গত ২১ জানুয়ারি রোমান নবম শ্রেণিতে ভর্তি হয়ে বেলা ১টার দিকে বাড়ি ফেরে। পরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় এবং এরপর থেকে সে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রোমান এবং তার অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন নিখোঁজের বাবা মিরাজ শেখ।