আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকার অদূরে আশুলিয়ায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ রোববার সকাল থেকে এই বিক্ষোভ করছেন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা। আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তাঁরা।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, তাদের কারখানায় প্রতি মাসের ৬ থেকে ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধ করা হলেও আজ ১৬ তারিখ হয়ে গেলেও এখনো গত মাসের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ ছাড়া সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারে আগামী কয়েক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এমন অবস্থায় বিক্ষুব্ধ হয়ে প্রথমে কারখানার সামনে অবস্থান নেন এবং পরে জিরাবো-বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরবর্তীতে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন এবং বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চালান। শ্রমিদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।