অপারেশন ডেভিল হান্ট কাজে আসছে না: সুজন 

অপারেশন ডেভিল হান্ট কাজে আসছে না জানিয়ে আইন-শৃঙ্খলার উন্নতিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ চাইছে সুজন। শনিবার রাজধানীতে সংগঠনটির এক মানববন্ধন কর্মসূচি থেকে কঠোর হাতে মব বন্ধের দাবি জানানো হয়। এছাড়া মার্কিন সহায়তা প্রশ্নে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, সুজন কখনোই কোনো বিদেশি সহায়তা নিয়ে কাজ করে না।

রাজধানীসহ সারা দেশেই বেড়েছে চুরি-ছিনতাই-ডাকাতি। শুক্রবার রাতেও পাবনায় সড়কে গাছ ফেলে বাসে হয়েছে ডাকাতি। শরীয়তপুরে গণপিটুনিতে নিহত হয়েছে দুই ডাকাত। 

এ অবস্থায় সুজনের দাবি, অপারেশন ডেভিল হান্টে কোনো কাজ হচ্ছে না। তাই আইন-শৃঙ্খলার উন্নতিতে সরকারের কাছে কঠোর পদক্ষেপ চেয়েছেন তারা। মানববন্ধনে দাঁড়িয়ে বলছেন, রাজনীতিতে দুর্বৃত্তায়ন বন্ধ না হলে এর রাশ টানা যাবে না। 

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট চলছে, তারমধ্যেও অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। একই সাথে আমরা এই গণঅভ্যুত্থানের পর মানুষের যে আকাঙ্ক্ষা, একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা, আমরা যে সুযোগ সৃষ্টি হয়েছে গণঅভ্যুত্থানের পর আমরা এই সুযোগ নষ্টা করতে চাই না।’

অন্যদিকে, ২৯ মিলিয়ন ডলারের মার্কিন সহায়তা প্রশ্নে সংঠনটির নেতারা জানান, এই অপপ্রচার চালাচ্ছে স্বৈরাচারের দোসরা। সুজন ব্যক্তি উদ্যোগের সংগঠন জানিয়ে তাদের দাবি, সুজন কখনও কোনো বিদেশি সহায়তা নেয় না।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সুজন কোনো নিবন্ধিত সংগঠন নয়। সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না। সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহযোগিতায়। এটা শুধু ফেইক নিউজ নয়, ডিপ ফেইক নিউজ। এরমধ্যে কোনো রকম সত্যতা নেই।’

রাজধানী ছাড়াও একই দাবিতে মানববন্ধন হয়েছে, কুমিল্লা-নোয়াখালীসহ দেশের নানা জেলায়। সেখানেও চাওয়া হয় অবিলম্বে মব বন্ধের উদ্যোগ।