সিঙ্গাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিঙ্গাইর থানা পুলিশ।

মো. সায়েদুল ইসলাম সিঙ্গাইর পৌরসভার আজিমপুর এলাকার মৃত রফিকুল ইসলাম পরানের ছেলে।

সিঙ্গাইর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি সিঙ্গাইর উপজেলার গোবিন্ধল গ্রামে পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে ওই গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে ৪টি মামলা হয়। এসব মামলায় সায়েদুল ইসলাম এজাহারভুক্ত আসামি হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে .ও. এম তৌফিক আজম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামি সায়েদুল ইসলামের বিরুদ্ধে ৪টি হত্যা মামলা রয়েছে। ওইসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পর তাঁকে আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।’