নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

ফরিদপুরের ভাঙ্গায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেছে। তবে এসময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলার সদর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, সিসি টিভি ফুটেজে দেখায় সকালে একটি ট্রাক ভাঙ্গা বাজারের প্রধান সড়ক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করেই পানপট্টির মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। তারপর কিছুটা দূরে গিয়ে একটি দোকানের শার্টার ভেদ করে ভেতরে ঢুকে পড়ে।

সিরাজুল ইসলাম আরও জানান, এ ঘটনায় একটি মোটরসাইকেল, জুতা ও মুদি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালে বাজারে লোকজন কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। 
এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।