মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রামে  আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ‘চেয়ারম্যান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বরিশালের বরগুনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। উপজেলার বৌলগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মেঘনা পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চেয়ারম্যান পরিবহনের বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় আহত বরগুনার বেতাগি উপজেলার বিবিচিনি গ্রামের সুলতান মৃধার ছেলে হাফিজুল মৃধাকে (৩০)। মৃধাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে ও একই উপজেলার আসাদের স্ত্রী শারমিন আক্তারকে (২৬) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় পাঠান চিকিৎসক। দুর্ঘটনায় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাইওয়ে পুলিশ।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।