জমির আইলে হাঁটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গোপালগঞ্জে আহত ৩৫

গোপালগঞ্জের মুকসুদপুরে পুর্ব শত্রুতার জের এবং জমির আইল দিয়ে চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছে। এ সময় ৮টি বাড়ি ভাঙচুর করা হয়। আজ বুধবার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফা কামাল জানান, পূর্ব শত্রুতার জের ধরে লালন শেখের সঙ্গে রাজু শেখের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। আজ বুধবার দুপুরে জমির আইল দিয়ে হাঁটা নিয়ে দুই জনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। 

প্রায় ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষ চলে বলে জানান ওসি মোস্তাফা কামাল। তিনি বলেন, ‘দীর্ঘ সময়ের এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ সময় ৮টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়।’ 

মোস্তাফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩০ জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।