মানিকগঞ্জে কার্টনবন্দী নারীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলা থেকে কার্টনবন্দী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে কার্টনে মোড়ানো মরদেহটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের এগারশ্রী এলাকায় কার্টনে আবদ্ধ বস্তু দেখতে পায় গ্রামবাসী। এরপর পুলিশের খবর দিলে দুপুর ২টার দিকে এই কার্টনবন্দী মরদেহটি উদ্ধার করা হয়।

পুটাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার ও স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন সরকার বলেন, ‘স্থানীয় বাসিন্দারা সকলে আমাকে জানালে আমি গ্রাম পুলিশ পাঠিয়ে কার্টনের বাক্সটাকে বাঁশের ঝাড় থেকে তুলে রাস্তার পাশে রাখতে বলি। তখন কার্টন থেকে দুর্গন্ধ এবং রক্ত বের হচ্ছিল। পুলিশে খবর দিলে তারা (পুলিশ) এসে কার্টন খুলে মাঝ বয়সী নারীর মরদেহ উদ্ধার করে।’

এই ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পরে ওসি এসএম আমান উল্লাহ বলেন, ‘সিআইডির ক্রাইম সিন ইউনিট পরিচয় শনাক্তে কাজ করছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি এসএম আমান উল্লাহ।