রাজধানীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। পরে আজ সকাল ৬টার দিকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে আসে পুলিশ।
আহত চালকের নাম মো. ইসমাইল (৪৫)। তিনি ভোলা সদরের আলিনগর গ্রামের মৃত নজির আহমেদের ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরে ভাড়া থাকেন তিনি।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন বলেন, ‘গত রাতে পান্থপথ থেকে যাত্রী বেশে থাকা দুজন ছিনতাইকারী মোহাম্মদপুর যাওয়ার কথা বলে ওই অটোচালকের রিকশায় ওঠেন। কিছু দূর যাওয়ার পর পেছন দিক থেকে একটি পিকআপ এসে রিকশাচালকের গতিরোধ করে। পরে ধানমন্ডি ৬ নম্বর রোড কোন দিকে এ কথা বলে ছয় থেকে সাত জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ওই চালককে। এ সময় ওই অটোচালকের সঙ্গে থাকা নগদ ১৭০০ টাকা ও অটোরিকশা ছিনিয়ে নিয়ে তাঁকে পিকআপে উঠিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের সাম্পান রেস্টুরেন্টের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমাদের টহল টিম তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে দিয়ে আসে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’
এসআই মো. শাহীন আরও বলেন, ‘আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’