শরীয়তপুরে মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

শরীয়তপুরে ইয়াবা ও গাজাসহ কামরুল হাসান তালুকদার (২৮) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার মাহমুদপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। 

কামরুল হাসান দক্ষিণ মাহমুদপুর গ্রামের সিরাজ তালুকদারের ছেলে। তিনি মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের সদস্য পদে রয়েছেন। 

ওসি হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাহমুদপুর এলাকা থেকে ১০ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।