বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা

আজ পয়লা বৈশাখ। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। বৈশাখ বরণে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। প্রতি বছরের মতো দিনটিকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা।

আজ সোমবার সকাল ৯টার কিছু সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি। শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।

শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ।

শোভাযাত্রার সামনে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত একটি ঘোড়ার বহর। এরপরই রয়েছে দেশের ২৮টি নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। চারুকলা অনুষদের মূল ব্যানারের পাশাপাশি আরও আছে ফ্যাসিবাদের মুখাকৃতি, মাছ, শান্তির পায়রা, বিভিন্ন সম্প্রদায়ের নাম, পানির বোতল, ৩৬ জুলাইয়ের একটি মোটিফসহ আরও অনেক প্রতিকৃতি।

এদিকে, শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।