মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে নাসির উদ্দিন নামের ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী ছেলেকে সেতুর উপর থেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকার আড়িয়াল খাঁ সেতুর উপরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অভিযুক্ত মা আর্থিক অভাব-অনটনের কারণে ভিক্ষাবৃত্তি করে জীবিকানির্বাহ করতেন।
সেতু থেকে ফেলে দেওয়া নাসির উদ্দিন শিবচর উপজেলার বন্দর খোলা ইউনিয়নের সিকদার হাট কাচারীকান্দি গ্রামের মৃত্যু আজগর হাওলাদারের ছেলে।
সেতুতে চলাচলকারী প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল থেকেই ৬ বছরের একটি মেয়ে ও প্রতিবন্ধী একটি ছেলেকে নিয়ে শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের সেতুর রেলিংয়ের উপরে বসে ছিলেন এক মহিলা। সেতুতে চলাচলকারীরা ওই মহিলাকে সাহায্য করতে চাইলে তিনি রাগান্বিত হতেন। পরে সন্ধ্যা ৭টার দিকে সেতুর উপরে মানুষের চলাচল কিছুটা কমে এলে রেলিংয়ের উপর থেকে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেয় ওই মহিলা। এই দৃশ্যটি দেখে ফেলেন বিপরীত পাশে রেলিংয়ের উপরে থাকা স্থানীয় কিছু মানুষ। পরে তারা এগিয়ে গেলে রিজিয়া বেগম নামের ওই মহিলা অকপটে ছেলে নদীতে ফেলে দেওয়ার কথা স্থানীয়দের কাছে স্বীকার করেন।
খবর পেয়ে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইমরান শিল্পীর নেতৃত্বে পুলিশের একটি দল আড়িয়াল খাঁ সেতুর উপর থেকে একটি মেয়েসহ ওই নারীকে পুলিশ হেফাজতে নেয়। তবে এখন পর্যন্ত আড়িয়াল খাঁ নদ থেকে ফেলে দেওয়া প্রতিবন্ধী ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, ‘বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে তা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নদীতে অনেক স্রোত। আর হেফাজতে নেওয়া অভিযুক্ত মাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং সঙ্গে থাকা তার মেয়েকে তার এক নিকটতম আত্মীয়ের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত মা আর্থিক অনটনে ভিক্ষা করে জীবিকানির্বাহ করতেন।’