নরসিংদীতে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

নরসিংদীর শিবপুরে শামসুন্নাহার (৭০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই ছেলের বিরুদ্ধে। আজ রোববার সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘর থেকে অভিযুক্ত ছেলে জাবের হোসেনকে (২৮) আটক করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে ওই নারীকে হত্যার করা হয়। নিহত শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক  মাস্টারের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী। তাঁর বড় ভাই প্রবাসী। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করতেন। শনিবার দিবাগত রাতের কোনো একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাকে হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভেতরে তার মাকে দরজার হাতলে আটকিয়ে হত্যা করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।