পুলিশের বিশেষ অভিযানে গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ২টায় জয়দেবপুরের উত্তর ছায়া বিথী এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে শাহীদা আক্তার জসুদাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জসুদা আক্তার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শান্তি চরণের মেয়ে। তিনি দীর্ঘদিন ওই এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করেছেন। এ ছাড়াও তিনি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চার, পাচঁ ও ছয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালীম জানান, শাহীদা আক্তার জসুদা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি শিশু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও তৈরি পোশাক কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে তিনি অর্থায়ন করছেন। কয়েকটি কারখানা ভাঙচুর এবং শ্রমিকদেরকে উসকানি দেওয়ার সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে যাচাই-বাছাই করার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁর রিমান্ড চাওয়া হবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।