কাকরাইলেই আছেন জগন্নাথের শিক্ষার্থীরা, দাবি আদায় হলে ছাড়বেন সড়ক

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন রাজধানীর কাকরাইল মোড় অবরোধ করে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার থেকে আজও তাঁরা টানা সেখানেই অবস্থান করছেন।

কাকরাইল মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের কারণে ওই এলাকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট। বুধবার সারারাত কাকরাইলে সড়ক আটকে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক সংগঠনের প্লাটফর্ম জবি ঐক্য।

আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনে গড়িয়েছে বৃহস্পতিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ১২টার দিকেও অবস্থান করছিলেন শিক্ষার্থীরা।

তিন দাবি আদায়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাঁদের দাবি, আবাসন বৃত্তি কার্যকর, পূর্ণাঙ্গ বাজেট কাঠামোর অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ বাস্তবায়ন করা। এর সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের হামলার প্রতিবাদ।

আগেরদিন দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ করেন শিক্ষার্থীরা। পথে, পুলিশ বাধা দিলে প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী আহত হন। এরপর কাকরাইল মোড়ে অবস্থান নেন তাঁরা। বুধবার রাতে সেখানে গিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।