শরীয়তপুরে গোডাউন থেকে ১০ লাখ টাকার প্যাকেট দুধ চুরির অভিযোগ 

শরীয়তপুর সদরে রাতের আঁধারে গোডাউনের পেছনের বেলকনির গ্রিল কেটে ও জানালার থাই গ্লাসের লক ভেঙে শিশুদের ৭৯ কার্টন প্যাকেট দুধ (বায়োমিল) চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার কুড়াশী এলাকায় এ চুরি হয়।

এ ঘটনায় ভুক্তভোগী এসএম নুরুল হুদা বাদী হয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি অভিযোগ করেছেন। এতে চুরি যাওয়া দুধের বাজার মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা বলে দাবি করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়াশী এলাকার দেলোয়ার হোসেন মৃধার বাড়ি ভাড়া নিয়ে ভিটালাক ডেইরি অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির পরিবেশক হিসেবে গোডাউন দিয়ে ব্যবসা করে আসছেন নুরুল হুদা। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে গোডাউন ঘর বন্ধ করে পাশের কক্ষে ঘুমাতে যান তিনি। পরবর্তীতে গোডাউন ঘরের পেছনের উত্তর পাশের বেলকনির গ্রিল কেটে ও জানালার থাই গ্লাসের লক ভেঙে শিশুদের প্যাকেট দুধ ৭৯ কার্টন (যার মূল্য ১০ লাখ ৫৯ হাজার ৮৯৭ টাকা) বায়োমিল অজ্ঞাত ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগী এসএম নুরুল হুদা অভিযোগ করে বলেন, ‘আমি রাতে গোডাউন ঘর বন্ধ করে পাশের কক্ষে ঘুমোতে যাই। সকালে উঠে দেখি বেলকনির গ্রিল কেটে ও জানালার থাই গ্লাসের লক ভেঙে আমার গোডাউন ঘর থেকে ৭৯ কার্টন বায়োমিল প্যাকেট চুরি হয়ে গেছে। চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে আমার দাবি, চোরকে আটক করা হোক। আর চুরি হওয়া পণ্য যেন আমি ফেরত পাই।’ 

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।’