ধামরাইয়ে শাশুড়ি ও দুই শ্যালককে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

ঢাকার ধামরাই এলাকায় মা ও দুই ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় বাড়ির বড় জামাতা রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্ত সংস্থা- পিবিআই। পারিবারিক বিরোধের জেরে রবিন শাশুড়ি ও শ্যালকদের শ্বাসেরাধে হত্যা করে বলে জানানো হয়েছে পিবিআইয়ের পক্ষ থেকে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় তদন্ত সংস্থাটি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় পিবিআই।

পিবিআই জানায়, গত ২ জুন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকার মৃত রাজা মিয়ার বাড়ি থেকে তাঁর স্ত্রী নার্গিস বেগম (৪২) ও দুই ছেলে শামীম (১৮) ও সোলাইমানের (৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হলে ছায়া তদন্তে নামে ঢাকা জেলার পিবিআই সদস্যরা। পরে তাঁরা গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নার্গিস বেগমের বড় মেয়ের স্বামী রবিনকে গতকাল বুধবার রাতে ধামরাইয়ের মধুডাঙ্গা থেকে গ্রেপ্তার করে।

তদন্ত সংস্থাটির পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, ২ জুন রবিন তাঁর মৃত শ্বশুরের ডেকোরেটরের ব্যবসা পরিচালনা নিয়ে শাশুড়ির সঙ্গে কলহে জড়ান তিনি। এদিন রাতে শ্বশুর বাড়ির ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে প্রথমে শাশুড়ি ও দুই শ্যালককে শ্বাসরোধ করে হত্যা করেন।