ঈদের তৃতীয় দিন সকাল থেকেই বিনোদনকেন্দ্রগুলোয় ভিড়

ঈদের তৃতীয় দিন সকাল থেকেই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গেছেন অনেক মানুষ। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছে নগরবাসী। ফাঁকা ঢাকায় চিড়িয়াখানা, জিয়া উদ্যান, সংসদ ভবন, ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন এলাকায় রয়েছে মানুষের সমাগম।

আজ সোমবার সকাল ৯টায় মিরপুর জাতীয় চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয়। মা-বাবা, স্বজনদের হাত ধরে ছোট শিশুরা বাঘ, সিংহ, বানরের খাঁচার সামনে ঘুরে বেড়াচ্ছে।

অভিভাবকেরা জানান, ছুটিতে ছোট-বড় সবাইকে নিয়ে একসাথে আনন্দ উদযাপনে ঘুরে বেড়াচ্ছেন তারা।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটিতে বাড়তি ভিড় সামলাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও।

এদিকে, আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমেও ভিড় বেড়েছে। বিভিন্ন রাইডে চড়ে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা।