ফরিদপুরের সড়কে ঝরল পুলিশের উপ–পরিদর্শকের প্রাণ 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছে ধাক্কা লেগে পুলিশের উপ–পরিদর্শক বোরহান উদ্দিন (২৯) নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সোতাশি এলাকায় এ দুর্ঘটনা হয়। 

নিহত বোরহান উদ্দিন  মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার অভয়নগর থানায় এলাকার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালমারী উপজেলার সোতাশি এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তার পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত বোরহান উদ্দিনকে স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘নিহত বোরহান উদ্দিন মাগুরা জেলার মোহাম্মদপুর থানায় কর্মরত ছিলেন। বিষয়টা মোহম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।’