রাজবাড়ী‌তে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার 

রাজবাড়ীর পাংশায় টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল রাতে উপ‌জেলার কসবামাঝাইল ইউ‌নিয়‌নের কুঠিমালিঘাট এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাসমত মন্ডল একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে। 

আজ মঙ্গলবার সকা‌লে এক প্রেস বিজ্ঞ‌প্তিতে র‌্যাব-১০ এসব তথ‌্য জানায়। র‌্যাব জানায়, র‌োববার দুপু‌রে স্কুল থেকে টিউশন শেষে বাড়ি ফির‌ছি‌ল উপজেলার একটি এলাকার ওই দুই শিক্ষার্থী। মো. সিহাব ও হাসমত মন্ডল তাদের পথরোধ করে পাশের পানের বরজের নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। 

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় ওই দুই শিক্ষার্থীর প‌রিবার পাংশা ম‌ডেল থানায় মামলা ক‌রে। মামলার পর ওইদিন রা‌তেই পাংশা থানা পু‌লিশ আসা‌মি সিহাব মন্ডল‌কে গ্রেপ্তার ক‌রে। পরে গ্রেপ্তার করা হয় হাসমতকে।