স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ মঙ্গলবার নগর ভবনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। তাঁকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ চলছে নগর ভবনে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এ সময় ইশরাক হোসেন বলেন, ‘রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে তিনি নিজের স্বার্থে একজন প্রশাসক বসিয়েছিলেন।’
উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে দাবি করে তাঁর বিরুদ্ধে দুদককে তদন্ত করার আহবান জানান ইশরাক হোসেন। সংকট দ্রুত সমাধান না হলে আন্দোলন নগর ভবন থেকে রাজপথে ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারির দেন তিনি।
এ সময় শপথ গ্রহণের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নেবেন না বলে জানান ইশরাক হোসেন। তিনি জানান, শপথ ছাড়া আনুষ্ঠানিক কোনো দায়িত্ব গ্রহণ করবেন না তিনি। তবে সাধারণ মামুষের ভোগান্তি কমাতে সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগে দিক-নির্দেশনা দিচ্ছেন তিনি।