লিফলেট বিতরণ, ফরিদপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে আওয়ামী লীগের পক্ষে প্রচারপত্র বিতরণের মামলায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে  সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান। মশিউর রহমান মিম বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে।

ওসি মো. নাজমুল হাসান বলেন, ‘মশিউর রহমান মিম সরকার পতনের পর থেকে এতদিন পলাতক ছিলেন। কিছুদিন ধরে সে এলাকায় এসে তার সংগঠন নেতা-কর্মীদের নিয়ে দেশ ও সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিল। তাকে গতকাল গ্রেপ্তার করি।’

ওসি আরও বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে আমরা এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি।’