মানিকগঞ্জে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে পুকুরের পানিতে ডুবে সংগ্রাম হোসেন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে শিবালয় উপজেলার জুমদুয়ারা গ্রামের নিজ পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সংগ্রাম। 

সংগ্রাম জমদুয়ারা এলাকার শাহনুর খানের একমাত্র ছেলে। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের বিএ তৃতীয় বর্ষের ছাত্র। 

বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শারীরিকভাবে অসুস্থ ছিলেন সংগ্রাম। দুপুরে বাড়ির সকলের অজান্তে নিজেদের বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান তিনি। পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।