কিশোরগঞ্জে নৌকাডুবিতে মাদরাসা ছাত্রীর মৃত্যু, নিখোঁজ ২

মাদরাসায় যাওয়ার পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাপলা (১৫) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

শাপলা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে এবং নবম শ্রেণির ছাত্রী। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- একই গ্রামের হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই ময়মনসিংহের পাগলা থানা এলাকার বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে পাকুন্দিয়ার চর আলগী থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। পাগলা থানার দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল বেলা ১১টার দিকে শাপলা নামে একজনের মরদেহ উদ্ধার করে। বাকি নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ করছে।