মানিকগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জে পুলিশ হাউজিং সোসাইটির নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. হারুন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে‌ মানিকগঞ্জ সদর উপজেলার জেলা পরিষদ সংলগ্ন আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক হারুন ভোলা জেলার লালমোহন থানার তারাগঞ্জ এলাকার আমির হোসেনের ছেলে। তাঁর ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, ভবনের সপ্তম তলায় রুফুস (একটি দড়ি ও চাকার মাধ্যমে ইট বা মালামাল টেনে তোলার যন্ত্র) দিয়ে ইট উঠানোর সময় মেশিনের একটি নাট ভেঙে যায়। ভারী মেশিনটি তখন ধাক্কা খেলে তৎক্ষণাৎ ঝাঁকিতে হারুন নিচে ছিটকে পড়েন। এই ঘটনায় তখনই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশ হাউজিং প্রকল্পের নির্মাণ কাজের ঠিকাদার ইসরাত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সালাউদ্দিন বলেন, ‘আমরা সবসময় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। ঘটনার দিন শ্রমিকেরা নিজেরাই রুফুস দিয়ে ইট তুলছিলেন। হারুন কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ সুরতহাল শেষে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।