মহাখালীতে চতুর্থ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় চতুর্থ তলা থেকে নিচে পড়ে তাজনীন রাফা (১৫) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। আজ বুধবার সন্ধ্যা ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইতালিপ্রবাসী আরিফ হোসেন টিটুর মেয়ে তাজনীন বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তারা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রংবলিয়া গ্রামের বাসিন্দা। মহাখালী ওয়ারলেস গেট এলাকার মসজিদের পাশে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন।

তাজনীন রাফার মা নুপুর বলেন, ‘কয়েকদিন আগে পরীক্ষায় সে একটি বিষয়ে কম নম্বর পায়। এনিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম—কেন এমন হয়েছে। এর কিছুক্ষণ পর বিকেল ৫টার দিকে সবার অজান্তে বাসার বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।