মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে চীনের রাষ্ট্রদূত 

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি বার্ন ইনস্টিটিউটে আসেন।

ইয়াও ওয়েন চীন সরকারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করেন। আহতদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব প্রকাশ করেন তিনি।

চীনের বিশেষজ্ঞ চিকিৎসকসহ হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে আহতদের চিকিৎসা সহায়তার জন্য আলোচনা করেন রাষ্ট্রদূত। আলোচনায় স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হাসপাতালের পরিচালক উপস্থিত ছিলেন।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।