মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউট ছাড়ল আরও দুজন

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন দগ্ধ আরও ২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যক্ষ ডা. মো. নাসির উদ্দিন।

আজ রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউট এর পরিচালক বিষয়টি নিশ্চিত করেন। 

বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, হাসপাতাল থেকে ছাড় পাওয়াদের মধ্যে একজন হলেন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম (৪০) এবং অন্যজন হলেন উদ্ধার কর্মী কাজী আমজাদ সায়েদ (২০)।

এসময় তিনি জানান, আমাদের হাসপাতালে এখন পর্যন্ত মোট ৩৪ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে শিশু ২৮ জন এবং প্রাপ্তবয়স্ক ৮জন। এদের মধ্যে আইসিইউতে ৪ জনের চিকিৎসা চলছে। বাকি অন্যান্যরা বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক আরও জানান, রোববার নতুন করে কারো মৃত্যু হয়নি। তবে, যে ৪ জন আইসিইউতে রয়েছেন তাদের অবস্থা অপরিবর্তিত। এদের মধ্যে দুইজন ভেন্টিলেশনে আছেন। আমাদের হাসপাতালে নিজস্ব ব্যবস্থাপনায় চিকিৎসা এবং বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা করা হচ্ছে। সেক্ষত্রে রোগী বা তাদের স্বজনদের হয়রানির শিকার হওয়ার কোনো কারণ নেই। আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশ পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান ইনস্টিটিউটের পরিচালক।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহতের তথ্য পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় শতাধিক। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।