কিশোরগঞ্জে জমিতে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি এলাকার সাহাবুদ্দিন (৭০) ও পূর্ব তারাকান্দি গ্রামের বাসিন্দা মো. মজনু মিয়া (৬০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।

ওসি বলেন, দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন শাহাবুদ্দিন ও মজনু মিয়া। এ সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে তাদের ওপর পড়ে। দুজনেই তারটি সরাতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।