হারানো ১৬০ মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল ডিএমপি

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত দুটি থানার (তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা) মোবাইল উদ্ধার টিম মোট ১৬০টি মোবাইল উদ্ধার করে। বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘বাংলাদেশের আপামর জনতাকে একটা বিষয়ে সচেতন করতে চাই, কেউ মোবাইলের প্রকৃত মালিকানা যাচাই ছাড়া সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন না। কারণ চোরাই মাল ক্রয়-বিক্রয় এবং দখলে রাখা দণ্ডনীয় অপরাধ। ইদানিং দেখা যাচ্ছে অনেকে চোরাই মোবাইল কম দাম পেয়ে কিনে ফেলছেন। লোভে পড়ে এরকম কাজ করলে আইনের আওতায় সেও অপরাধী বলে গণ্য হবেন।’

হারানো মোবাইল ফোন উদ্ধারের পর প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন। ছবি: সংগৃহীত

এদিকে, হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা। হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাওয়ায় তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।