রাজবাড়ীতে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত চার

রাজবাড়ীর পাংশায় পৃথক বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। শনিবার বিকেলে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া ও বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে বজ্রপাতে হতাহতের ঘটনা হয়।

নিহতরা হলো– আনোয়ারা বেগম ও তামিম। তারা কাচারীপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

স্থানীয়দের বরাতে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা বলেন, ‘আজ বিকেলে কিশোর তামিম ও আনোয়ারা বেগম বিলের মাঠে পাট ধোয়ার কাজ করছিল। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। সে সময় বজ্রপাতে তামিম ও আনোয়ারা বেগমসহ আরও তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন।’

এছাড়া বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের জবেদা বেগম বিকেলে রান্না করার সময় বজ্রপাতে আহত হন বলে জানান ইউএনও।

এস এম আবু দারদা বলেন, ‘নিহতদের প‌রিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’