দোহারে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষক লাঞ্ছিত

ঢাকার দোহারে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে শাসন করায় শিক্ষার্থীর হাতে এক শিক্ষক লাঞ্ছিত হয়েছে। সোমবার দুপুরে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী সোয়াদ হোসেন ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করে।

জানা যায়, শিক্ষক আনোয়ার হোসেন শিক্ষার্থী সোয়াদকে কয়েকদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণ জিজ্ঞাসা করে। ক্লাসে এসে পালিয়ে যাওয়ার এবং নিয়মিত বিদ্যালয়ে না আসায় সোয়াদকে শাসন করে শিক্ষক আনোয়ার। এতে শিক্ষকের কথায় উত্তেজিত হয়ে যায় ছোয়াদ। এসময় শিক্ষক আনোয়ার সোয়াদকে স্কেল দিয়ে আঘাত করে। একপর্যায়ে সোয়াদ শিক্ষককে অপমানজনক ভাষায় কথা বলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সব শিক্ষক তাৎক্ষণিকভাবে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দেন। পাশাপাশি শিক্ষকদের কর্মবিরতির খবরে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সোয়াদের বিচার দাবি করে প্রতিবাদ জানায়। 

নবম শ্রেণির শিক্ষার্থী বাধন বলেন, ‘ঘটনার সময় আমিও ক্লাসে ছিলাম। সোয়াদের আচরণ দেখে ক্লাসের সবাই অবাক হয়েছি। এটা অন্যায় করেছে সোয়াদ।’ 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়্যিদা ইয়াসমিন লীনা বলেন, ‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও শিক্ষাঙ্গনের শৃঙ্খলা ভঙ্গের স্পষ্ট নিদর্শন। বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকি বলেন, ‘একজন শিক্ষক শিক্ষার্থীকে শাসন করতে পারে। তাই বলে শিক্ষকের সাথে শিক্ষার্থী যা করেছে এটা মেনে নিতে পারছি না।’

ঘটনার পর বিদ্যালয়ে উপস্থিত হন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ। তিনি বলেন, ‘শিক্ষকদের নিয়ে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’