কিশোরগঞ্জে আনন্দ মিছিলে এসে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ মিছিলে এসে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলা সদরের পাটমহালে এ ঘটনা হয়।

মৃত বিএনপি নেতার নাম আল আমিন ভূইয়া (৪৮)। হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকের। এই আনন্দ মিছিলে অসুস্থ হয়ে পড়া আরও তিনজন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি নেতা আল আমিন ভূইয়া পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের হাজী রোকন উদ্দিনের ছেলে। তিনি পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, ‘আজ ৫ আগস্ট পাকুন্দিয়া উপজেলা, পৌর ও সব অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন ও পলায়ন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা পৌনে ১২টার সময় বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে পাকুন্দিয়া বাজারের পাটমহালে অবস্থিত উপজেলা বিএনপির অফিসের সামনে আসে। এ সময় ইউনিয়ন বিএনপির নেতা আল আমিন ভূইয়াসহ চারজন অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসক আল আমিন ভূইয়াকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন। এ ঘটনার পর আজকের আনন্দ মিছিল বাতিল করা হয়েছে।’

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান বলেন, 'হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। অতিরিক্ত গরমে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।'