রাজধানীর নিউমার্কেট এলাকার সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৩টার মধ্যে আহত শিক্ষার্থীদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
আহতরা হলেন-ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মো. জামিল (২১), অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির (২২), অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তৌহিদ মাহিন (২০), এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন হোসেন হৃদয় (১৯), মো. নিরব (১৯) ও জোবায়ের হোসেন (২০)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আহত শিক্ষার্থীরা মাথা, পা ও পিঠে আঘাত পান। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষের ঘটনা ঘটে। তিন দিন আগে উদ্ভাসের আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা থেকে বৃহস্পতিবারের সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাস্তার মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। দুই পক্ষই পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে। এসময় মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই তাদের সংঘাতে জড়ানোর খবর সংবাদের শিরোনাম হয়। গত ১৮ মার্চ দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বড় ধরনের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। তার আগে ২০ ফেব্রুয়ারি এবং ১৯ জানুয়ারিও সংঘর্ষ হয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে।