সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে নৌকাডুবিতে শিশুসহ দুজন নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এই ঘটনা ঘটে।
নিখোঁজেরা হলেন সামসুদ্দিন (৬০) ও নুসরাত বেগম (৭)। সামসুদ্দিন ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সকালে সাড়ে ১০টায় ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকা করে সাতজন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে দারাম হাওরে পৌঁছালে প্রচণ্ড বাতাস শুরু হয়। একপর্যায়ে যাত্রীদের নিয়েই নৌকাটি ডুবে যায়।
এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন নিখোঁজ রয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধার করতে অভিযান চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।