বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি: সাবেক মেয়র তাপসের সহযোগী টুটু গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি ও হত্যাকাণ্ডের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার টুটু বরিশালের কোতোয়ালী মডেল থানার রাখালবাবু সড়কের বাসিন্দা। বর্তমানে তিনি ধানমন্ডিতে বসবাস করছিলেন।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ঘটনাস্থলে উপস্থিত থেকে ছাত্র জনতার ওপর হামলার বিষয়টি স্বীকার করেছেন। টুটু সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন এবং আন্দোলন দমন কার্যক্রমে সক্রিয় ভূমিকা ছিল তাঁর।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র নেতা আব্দুল্লাহ সিদ্দিক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার মরদেহ গুমের চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে টুটুর বিরুদ্ধে অভিযোগ করলে আদালতের নির্দেশে মামলাটি রুজু হয়।

টুটুকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে সিআইডি।

এর আগে চলতি বছরের ১৫ মে তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দার এবং ১৭ জুন খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। সিআইডি বলছে, মামলার রহস্য উদঘাটন এবং অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।